খালেদা জিয়ার সঙ্গে কমনওয়েলথের উপমহাসচিবের সাক্ষাত্
সফররত কমনওয়েলথের উপমহাসচিব (ডেপুটি সেক্রেটারি জেনারেল) মাসেকগোয়া মাসিরে এমওয়াম্বা বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। খবর বাসস ও ইউএনবির।মাসেকগোয়া মাসিরে গতকাল শনিবার রাত সোয়া আটটার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যান। প্রায় এক ঘণ্টা স্থায়ী বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।বৈঠক শেষে দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানান, সফররত কমনওয়েলথের উপমহাসচিব খালেদা জিয়াকে কমনওয়েলথের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে গণতন্ত্র শক্তিশালী করতে সাম্প্রতিক সময়ে সংস্থাটির নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান।শমসের মবিন জানান, বেগম জিয়া বৈঠকে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সব সময় তাঁর দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রয়োজনে ভবিষ্যতেও আরও সহযোগিতা করতে বিএনপি প্রস্তুত রয়েছে। বৈঠকে কমনওয়েলথকে শক্তিশালী ও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশের কার্যকরী ভূমিকার বিষয়েও আলোচনা হয় বলে শমসের মবিন জানান।