খালেদা জিয়ার সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ
সফররত কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) কেন্দ্রীয় সদস্য লু হাও গতকাল শনিবার বলেছেন, চীন সরকার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গুরুত্বের সঙ্গে দেখে থাকেন।গতকাল সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে লু হাও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সিপিসির আট সদস্যের এক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তিনি জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করে বলেন, জিয়াউর রহমান চীন ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলেছিলেন।ঘণ্টাব্যাপী এই সাক্ষাতের পর বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের অবদানের ব্যাপারে এ দেশের জনগণ শ্রদ্ধাশীল। খালেদা জিয়া আরও বলেন, বাংলাদেশ ও তাঁর দল এক চীন নীতিকে সমর্থন করে।লু হাও বিএনপির চেয়ারপারসনকে চীন সফরে আমন্ত্রণ জানান। চেয়ারপারসন এই আমন্ত্রণ গ্রহণ করেন। উভয় পক্ষের আলোচনার মাধ্যমে পরে সফরের তারিখ ঠিক করা হবে। এ সময় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, রিয়াজ রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। ইউএনবি।