খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে সালাহ উদ্দিনের পরিবার
বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ পরিবারের সদস্যদের নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে তাঁরা চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান। সেখানে তাঁরা রাত প্রায় নয়টা পর্যন্ত ছিলেন।
হাসিনা আহমদের সঙ্গে ছিলেন ভাবি শামীম আরা, ছোটো ছেলে ইউসুফ আহমেদ, মেয়ে ফারিবা আহমেদ। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, খালেদা জিয়ার কাছে পৌঁছেই হাসিনা আহমদ তাঁকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। এ সময় ছেলে ইউসুফ আহমদ, মেয়ে ফারিবা আহমদও কাঁদতে থাকে। সালাহ উদ্দিন আহমদের বড় ছেলে সৈয়দ ইব্রাহিম আহমদ কানাডায় আর বড় মেয়ে পারমিজ আহমদ মালয়েশিয়ায় পড়ছে।
রাত পৌনে আটটার দিকে হাসিনা আহমদ পরিবারের সদস্যদের নিয়ে গুলশান কার্যালয়ের ফটকে যান। সাদা পোশাকে পুলিশের একজন সদস্য হাসিনা আহমদসহ সন্তানদের নাম-ঠিকানা খাতায় লিখে ভেতরে ঢুকতে দেন।
কার্যালয় থেকে বের হয়ে হাসিনা আহমদ সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া আমার বাচ্চাদের সান্ত্বনা দেন।’ খালেদা জিয়াকে উদ্ধৃত করে তিনি বলেন, যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিন আহমদকে তুলে নিয়ে গেছেন, সেহেতু তাঁরা যেন আদালতে বা পরিবারের কাছে তাঁকে ফিরিয়ে দেন।