খালেদা জিয়ার সঙ্গে পুলিশের অসদাচরণের নিন্দা তিন দলের
বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে গত রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় কর্মকর্তা অসদাচরণ করেছেন বলে অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ন্যাপ ও জমিয়তে উলামায়ে ইসলাম। এ ঘটনাকে চরম অনৈতিক ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে অভিহিত করেছে দল তিনটি।
গতকাল সোমবার ইসলামী ঐক্যজোট জরুরি সভায় এবং ন্যাপ ও জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষস্থানীয় নেতারা পৃথক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
লালবাগে ইসলামী ঐক্যজোটের সভায় নেতারা অভিযোগ করেন, সরকার পুলিশ বাহিনীকে ‘গোপালি’ ধাঁচে সাজিয়ে জনগণের ওপর নির্মম নিপীড়ন চালাচ্ছে। বিরোধীদলীয় নেতা-কর্মী, আলেম-ওলামা, সাধারণ নাগরিক কেউই তাদের হিংস্রতা থেকে নিরাপদ নয়। সভায় সুপ্রিম কোর্টে আইনজীবী ও জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানানো হয়।
ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া এক বিবৃতিতে বলেন, সরকার গোটা দেশকে অবরুদ্ধ করে রেখেছে। বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে বিশেষ বিশেষ পুলিশ কর্মকর্তার আচরণ শিষ্টাচারবহির্ভূত। জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শায়েখ আবদুল মোমিন ও নির্বাহী সভাপতি মোস্তফা আজাদ পৃথক বিবৃতিতে আইনজীবী, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ হামলার নিন্দা জানান।