খালেদা জিয়ার সফরের পর চাঁদপুর বিএনপি চাঙা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক সফরের পর চাঙা হয়ে উঠেছে স্থানীয় বিএনপির রাজনীতি। দীর্ঘদিন পর এক মঞ্চে আসতে শুরু করেছেন বিভিন্ন পক্ষের নেতা-কর্মীরা। আগামী দিনের সরকারবিরোধী আন্দোলনে নেতারা সবাই একসঙ্গে কাজ করবেন, এমন আশাবাদ সৃষ্টি হয়েছে কর্মী-সমর্থকদের মধ্যে।জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘চেয়ারপারসন এসে পুরো দলকে চাঙা করে দিয়েছেন।’এক প্রশ্নের জবাবে শেখ ফরিদ বলেন, ‘পদের জন্য কেউ কেউ বিভক্তি বা অস্থিরতা সৃষ্টি করলেও, আমরা সব সময় দলের স্বার্থে ঐক্যবদ্ধ ছিলাম।’জেলা বিএনপির সভাপতি মমিনুল হক জানান, ১৩ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সফরের পর নেতা-কর্মীরা এখন অনুপ্রাণিত।নেতা-কর্মীরা জানান, দীর্ঘ সাত বছর পর খালেদা জিয়া চাঁদপুর সফর করেছেন। মূলত তাঁর সফরকে কেন্দ্র করেই স্থানীয় নেতাদের বিরোধ জোড়া লাগতে শুরু করেছে।এ প্রসঙ্গে চাঁদপুরের ফরিদগঞ্জ আসনের বিএনপির সাংসদ হারুনুর রশিদ বলেন, ‘দলের ভেতরকার বিরোধ মিটুক আর না মিটুক, আগামী নির্বাচনে জেলার পাঁচটি আসনই খালেদা জিয়াকে উপহার দিতে চাই আমরা।’নেতা-কর্মীরা জানান, এর আগে ২০০৫ সালের ১৭ মার্চ খালেদা জিয়া সর্বশেষ চাঁদপুর সফর করেন। ২০০৭ সালে ক্ষমতা ছাড়ার পর দেশে জরুরি অবস্থা জারি হলে গ্রেপ্তার ও মামলার ভয়ে জেলার অনেক নেতা চাঁদপুর ছেড়ে পালিয়ে যান।নেতা-কর্মীরা অভিযোগ করেন, ওই সময় যাঁরা দলের হাল ধরেছিলেন, তাঁদের মধ্যে ঐক্য ছিল না। তাই কর্মীরা বিভ্রান্ত ও বিভক্ত হয়ে পড়েন। এর প্রভাব পড়ে সংসদ নির্বাচনে। এরপর সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসে। গত সাড়ে তিন বছরে সরকারবিরোধী কোনো কর্মসূচিই চাঁদপুরে জোরালোভাবে পালিত হয়নি।এদিকে অভ্যন্তরীণ বিরোধ অবসানের উদ্যোগকে দলের বহিষ্কৃৃত ও বিদ্রোহী কিছু নেতা সহজভাবে নিতে পারছেন না বলে অভিযোগ করেন কর্মীরা।চাঁদপুরের বাসিন্দা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, জেলা বিএনপির কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা ঠাঁই না পাওয়ায় কিছুটা অস্থিরতা এখনো আছে।দলের ভেতরের অস্থিরতার বিষয়ে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ জানান, চাঁদপুরে বিএনপির রাজনীতি এখন অনেকটাই সুশৃঙ্খল।এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান বলেন, জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক নিজ বসতঘরের আঙিনায় বিএনপির অস্থীয় কার্যালয় খুলে সবাইকে এক হওয়ার সুযোগ করে দিয়েছেন।প্রসঙ্গত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদের সঙ্গে সহসভাপতি শফিকুর রহমান চৌধুরীর বিরোধ রয়েছে। শফিকুর জেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের একটি অংশ শফিকুরকে সমর্থন দিচ্ছে।তবে আলাপকালে শফিকুর প্রথম আলোকে বলেন, ‘আমাকে মূল্যায়ন করা হয়নি। আমি আমার অবস্থান ধরে রেখেছি।’ তবে বেগম খালেদা জিয়ার সফরের পরে নেতা-কর্মীরা আবার একসঙ্গে কাজ করতে চান বলে তিনি আশা প্রকাশ করেন।