খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর, ৫ জুন পরবর্তী তারিখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বুধবার আদালতে হাজির হননি। তিনি অসুস্থ জানিয়ে তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করা হলে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আগামী ৫ জুন পরবর্তী তারিখ ধার্য করেন।
এ মামলায় গতকাল খালেদা জিয়াসহ অন্য আসামিদের উপস্থিতি ও শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ। তাঁর হাতে ও পায়ে প্রচণ্ড ব্যথা। এ ছাড়া তাঁর চোখে ও হার্টেও সমস্যা রয়েছে। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে অনেক কষ্ট হচ্ছে। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। তাই সময় চেয়ে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেছেন।
এ মামলায় চলতি বছরের ৩০ মার্চ খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে খালেদা জিয়া জামিন নেন।
বিএনপির নেতৃত্বাধীন জোটের ডাকা টানা অবরোধ ও হরতাল চলাকালে গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় একটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে ২৯ জন যাত্রী দগ্ধ হন। তাঁদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলা করে পুলিশ।