‘যুদ্ধাপরাধীদের’ সঙ্গে নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, তা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিপক্ষে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক কর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশে সংস্কৃতি অঙ্গনের কর্মীরা এ কথা বলেন। সভাপতির বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘নিজামী, মুজাহিদ, সাকা চৌধুরী যুদ্ধাপরাধী নয় বলে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা গত ৪১ বছরের সবচেয়ে জঘন্য মিথ্যাচার।’বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, ‘যখন আমরা ট্রাইব্যুনালকে কার্যকর করা ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার কথা বলছি, তখন বিচার বানচাল করতে উল্টো পরিবেশ তৈরি করা হচ্ছে।’সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো কাঙ্ক্ষিত বিচার শেষ করার জন্য যথেষ্ট নয়। সমাবেশে অন্যদের মধ্যে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. সবুর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, সদস্য আফজাল হোসেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।