খালেদা জিয়ার হুঙ্কারে সরকার ভীত নয়: আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, উপজেলা নির্বাচনের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আন্দোলনের হুঙ্কারে সরকার ভীত নয়। তিনি বলেন, ‘তাঁদের আন্দোলন আমরা অতীতে দেখেছি। আন্দোলনের মাধ্যমে তাঁরা সরকারের পতন ঘটাতে পারবেন না।’
আজ শুক্রবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীনতাবিরোধীরা ২১ বছর ক্ষমতায় ছিল। তখন তারা মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করে। ইতিহাস বিকৃত হয়। গোলাম আযমসহ স্বাধীনতাবিরোধীরা পুনর্বাসিত হন। মুক্তিযুদ্ধের চেতনার শূন্যতা সৃষ্টি হয়। এই চেতনা ফিরিয়ে আনতে সরকার ’৭২-এর সংবিধান পুনর্বহাল করেছে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ৭ মার্চের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।
এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।