খালেদা জিয়ারও দাবি, জিয়াই প্রথম রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও দাবি করেছেন, তাঁদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দেশের প্রথম রাষ্ট্রপতি।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় খালেদা জিয়া এ দাবি করেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ‘মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহংকার স্বাধীনতার ঘোষক জিয়া’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।

তবে বিএনপির ওয়েবসাইটে জিয়াউর রহমানকে দেশের সপ্তম প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা হিসেবে খালেদা জিয়াকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া আরও কয়েকজন মুক্তিযোদ্ধাকেও সম্মাননা ও আর্থিক সহায়তা দেওয়া হয়। দীর্ঘ প্রায় এক ঘণ্টার বক্তব্যে খালেদা জিয়া মুক্তিযুদ্ধসংক্রান্ত বেশ কিছু নতুন তথ্য ও বক্তব্য তুলে ধরেন।

খালেদা জিয়া এই দাবি করার দুই দিন আগে গত ২৫ মার্চ লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান প্রথমবারের মতো দাবি করেছিলেন, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।

খালেদা জিয়া বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। তা আওয়ামী লীগ মেনে নিতে পারেনি। তবে সারা পৃথিবী, বাংলাদেশের মানুষ জানে। জিয়াউর রহমানের ঘোষণা রেডিওতে প্রচার হওয়ার পরই মানুষ অস্ত্র তুলে নিয়েছে। ইতিহাস থেকে এসব মুছে ফেলা যাবে না। স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’

অবশ্য বক্তব্যের এক পর্যায়ে খালেদা জিয়া বলেন, মুক্তিযুদ্ধ শেষে জিয়াউর রহমান বলেননি তিনি রাষ্ট্রপতি হবেন। তিনি যথাযথ দায়িত্ব পালন করেছেন। পরে মানুষই সময়ের প্রয়োজনে জিয়াকে রাষ্ট্রপতির দায়িত্বে বসিয়েছে।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়েও এক ধরনের সংশয় প্রকাশ করেন বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, ‘তারা বলে ৩০ লক্ষ শহীদ হয়েছে। আমরা জানি না সত্য কী?’

কারাগারে যাওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তখন বলা হয়েছিল, এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদেরও সম্মাননা জানানো হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

বিদেশিদের সম্মাননায় মনে হয় দেশের মানুষ যুদ্ধ করেনি

সরকারিভাবে বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর সমালোচনা করেন খালেদা জিয়া। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সব কৃতিত্ব বাংলাদেশের নানা শ্রেণী-পেশার মানুষের। অন্যদের অবদান আছে। তাই বলে নিজেদের ছোট করে অন্যদের বড় করা, এটি সঠিক সিদ্ধান্ত নয়। বিদেশিদের যেভাবে সম্মাননা দেওয়া হয়েছে তাতে মনে হয় বাংলাদেশের মানুষ যুদ্ধ করেনি। তিনি বলেন, এজন্যই তাঁরা এই সম্মাননার আয়োজন করেছেন, যেখানে এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে, যাঁদের নামও অনেকে জানে না।

দীর্ঘ প্রায় এক ঘণ্টার বক্তব্যে খালেদা জিয়া মুক্তিযুদ্ধের নয় মাস তাঁর কীভাবে কেটেছে তারও সংক্ষিপ্ত বর্ণনা দেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তের একদিনের বর্ণনা দিয়ে খালেদা জিয়া বলেন, সেদিন আবদুল কাদের নামের একজন হাবিলদার দৌড়ে এসে জিয়াউর রহমানের খোঁজ করলেন। জিয়া তখন বাসায় ছিলেন না। তিনি জানালেন, পাকিস্তানি সেনা কর্মকর্তারা বাঙালি সেনা সদস্যদের বলছে অস্ত্র জমা দিয়ে দিতে। খালেদা জিয়া বলেন, ‘আমি কিছু জানি না। তখন আমি শুধু বললাম, স্যার না আসা পর্যন্ত অস্ত্র জমা দেবেন না। হয়তো বা এ কথা কাজে লেগেছে।’

আ.লীগ মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করছে

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করছে অভিযোগ করে খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিখে রাখার আহ্বান জানান।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আপনারা দেশ স্বাধীন করলেন পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আরেক দেশের শৃঙ্খলে আবদ্ধ করার জন্য?’ তিনি সবাইকে আবার জেগে ওঠার ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দল বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয় দাবি করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘তাদের অবদানও আমরা ছোট করে দেখি না। তারা মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে।’

সরকার দেশকে অন্যের হাতে তুলে দিতে ব্যবস্থা করছে

ভারতের দিকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, এ সরকার অন্যের হাতে দেশ তুলে দিতে পাকা ব্যবস্থা করছে।অনেকগুলো চুক্তি হয়েছে। কিন্তু এসব চুক্তি আগামী দিনে বৈধতা পাবে না। কারও সহায়তায় আজীবন ক্ষমতায়ও থাকা যাবে না।

গুম-খুনের জন্য আ. লীগকে আদালতের কাঠগড়ায় যেতে হবে

প্রতিনিয়ত গুম, খুন, নির্যাতন চলছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের লক্ষ্য বিএনপিকে ধ্বংস করে আজীবন ক্ষমতায় থাকা। কিন্তু যখন সময় আসবে, জনগণের কাছে আত্মসমর্পণ করতে তারা বাধ্য হবে। গুম, খুনকে মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, একদিন আওয়ামী লীগকে এসবের জন্য জবাবদিহি করতে হবে। আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘হত্যা-গুম-নির্যাতন বন্ধ করুন। দেশকে এ দুরবস্থা থেকে রক্ষা করুন।’

আ.লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, গত ৫ জানুয়ারি ও উপজেলা নির্বাচনে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান।