সুতা রং করার বাণিজ্যিক প্রতিষ্ঠান ড্যান্ডি ডায়িং লিমিটেডের নামে নেওয়া ঋণ খেলাপের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল রোববার মামলার বাদী সোনালী ব্যাংকের স্থানীয় শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম আদালতে সাক্ষ্য দেন।
ঢাকার অর্থঋণ আদালত-১-এর বিচারক ফাতেমা ফেরদৌস আংশিক সাক্ষ্য গ্রহণ করেন। ১৭ এপ্রিল বাকি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
গত বছরের ২৪ জানুয়ারি মামলার বিবাদী আরাফাত রহমান কোকো হৃদ্রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা গেলে ইসলামি শরিয়া অনুযায়ী অংশীদার হিসেবে তাঁর মা খালেদা জিয়াকে এই মামলায় বিবাদী করা হয়। একই কারণে বিবাদী করা হয় আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে।
মামলার অপর বিবাদীরা হলেন প্রতিষ্ঠানটির পরিচালক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তাঁর মামা প্রয়াত সাঈদ ইস্কান্দারের ছেলে শামস ইস্কান্দার ও সাফিন ইস্কান্দার, মেয়ে সুমাইয়া ইস্কান্দার ও স্ত্রী বেগম নাসরিন আহমেদ, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন (অন্য মামলায় বর্তমানে কারাগারে), মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, মিসেস শামসুন নাহার ও মাসুদ হাসান।
৫ এপ্রিল আত্মসমর্পণ করবেন খালেদা জিয়া: রাজধানীর যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় ৫ এপ্রিল বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন খালেদা জিয়া। গতকাল তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আত্মসমর্পণ করলে খালেদা জিয়ার পক্ষ থেকে জামিন চাইবেন তাঁর আইনজীবীরা।
৩০ মার্চ যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার ঘটনায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।