কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ ও কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় দায়ের তিন মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৮২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। কুমিল্লার আমলি আদালত-৫-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুল ইসলামের আদালতে গতকাল সোমবার এই অভিযোগপত্র দাখিল করা হয়।
এই তিন মামলায় খালেদা জিয়া ছাড়াও বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নাম রয়েছে। চৌদ্দগ্রামে পুলিশের আদালত পরিদর্শক মুরাদউজ্জামান জানান, চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম দুটি মামলার এবং এসআই সুজন চন্দ্র মজুমদার একটি মামলার অভিযোগপত্র দাখিল করেন।
পুলিশ জানায়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ৮ জন নিহত এবং ২৭ জন আহত হন। ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানায় এসআই নুরুজ্জামান হাওলাদার দুটি মামলা করেন। উভয় মামলার তদন্ত করেন এসআই মো. ইব্রাহিম। গতকাল আদালতে দাখিল করা ওই দুই মামলার অভিযোগপত্রে খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী, চৌদ্দগ্রামের জামায়াতের সাবেক সাংসদ ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির সাহাবউদ্দিন ও সাধারণ সম্পাদক শাহ মো. মিজানুর রহমানসহ ৭৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতাল চলাকালীন ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রাম পৌরসভার হায়দারপুল এলাকায় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। এ ঘটনায় ওই দিনই চৌদ্দগ্রাম থানায় মামলা করেন এসআই নুরুজ্জামান হাওলাদার। গতকাল দাখিল করা অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা এসআই সুজন চন্দ্র মজুমদার ২৬ জনের নাম উল্লেখ করেন।
বিএনপির নিন্দা-প্রতিবাদ
এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, সরকার এবং তাদের প্রভুদের নীলনকশার অংশ হচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় এই অভিযোগপত্র। গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন।