গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৮ জুলাই তারিখ নির্ধারণ করেছেন আদালত। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই দিন ধার্য করেন। ওই দিন খালেদা জিয়া, মতিউর রহমান নিজামীসহ সব আসামিকে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, খালেদা জিয়াসহ সব আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত। খালেদা জিয়া ৫ এপ্রিল আত্মসমর্পণ করে জামিনে আছেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেন। তদন্ত শেষে ২০০৮ সালে ১৩ মে অভিযোগপত্র দেয় দুদক।
এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার রিট আবেদনে সাত বছর আগে স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত বছরের ৫ আগস্ট স্থগিতাদেশ বাতিল হয়।