বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের ৩৮ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। গতকাল রোববার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ এপ্রিল নতুন তারিখ ধার্য করেন।
গতকাল রোববার এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হননি। তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত নতুন তারিখ ধার্য করেন। এ মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা ছোড়া হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামের এক যাত্রী।
ওই ঘটনায় ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়। ২০১৫ সালের ৬ মে বিশেষ ক্ষমতা আইনে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।
এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন এম কে আনোয়ার, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, মারুফ কামাল খান ও শামসুর রহমান শিমুল বিশ্বাস।
ঋণখেলাপির মামলা: ঋণখেলাপির অভিযোগে ডান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে দায়ের করা সোনালী ব্যাংকের মামলায় গতকালও সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছেন আদালত। এ মামলায় খালেদা জিয়াসহ ১৬ জনকে বিবাদী করা হয়েছে। মামলাটি ঢাকার অর্থঋণ আদালত-১-এ বিচারাধীন আছে। খালেদা জিয়ার পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নাসরিন জাহান ১ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য নতুন তারিখ ধার্য করেন।
২০১৩ সালের ২ অক্টোবর সোনালী ব্যাংক ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে অর্থঋণ আদালতে মামলা করে।