খালেদা জিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি গভীর রাতে বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় আটজন প্রাণ হারান। ফাইল ছবি: প্রথম আলো
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি গভীর রাতে বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় আটজন প্রাণ হারান। ফাইল ছবি: প্রথম আলো

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে মারার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জয়নব বেগম এ আদেশ দেন।

পুলিশ জানায়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন নিহত ও ২৭ জন আহত হন। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করেন। মামলা দুটিতে খালেদা জিয়াসহ ৭৮ জনকে আসামি করা হয়। দুই মামলার তদন্ত করেন এসআই মো. ইব্রাহিম।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৬ মার্চ এই মামলায় খালেদা জিয়াসহ বিএনপি ও জামায়াতের ৭৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে কুমিল্লার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে চৌদ্দগ্রাম থানার পুলিশ। ৯ জুলাই বিবাদীপক্ষ এ নিয়ে আপত্তি জানালে আদালত অধিকতর তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। গত ১১ জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মামলাটির পুনরায় তদন্ত করা হয়। ১৬ নভেম্বর ডিবির ওসি ফিরোজ আলম ৭৭ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। আজ এই মামলার শুনানি ছিল। এতে অনুপস্থিত ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সালাউদ্দিন আহমেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএনপির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক সাংসদ সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির সাহাবউদ্দিন ও সাধারণ সম্পাদক শাহ মো. মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির শাহজাহান, চিওড়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মেজবাহ উদ্দিন ওরফে নয়ন ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।

খালেদা জিয়া দুই মামলার ৫১ নম্বর আসামি। গত অক্টোবরে এই মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মৃত্যু হয়। এ কারণে তাঁকে দুই মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।