খালেদা তাঁর মনের আগুন জনপদে ছড়িয়ে দিয়েছেন: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন

নির্বাচনকালীন সরকারের টেলিযোগাযোগমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ মানুষ দেখে একাত্তরের সেই ভয়াল দৃশ্যের কথা মনে পড়ছে। আমাদের দেশে রাজনৈতিক ইতিহাসে এটা একটি বর্বর অধ্যায়। রাজাকাররা যেমন গ্রামের পর গ্রামে ঘরবাড়ি পুড়িয়ে ছাই করে দিয়েছে, বিরোধী দল ক্ষমতায় যাওয়ার স্বার্থে তাই করছে।’ আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন শেষে মেনন সাংবাদিকদের আরও বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া তাঁর মনের আগুন জনপদে ছড়িয়ে দিয়েছেন।’
বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘যারা সহিংসতা চালায় এবং যাদের নির্দেশে সহিংসতা চালানো হয়, তারা সমান অপরাধী।’
রাজনৈতিক সংকট মেটানোর জন্য বিরোধী দলকে আলোচনায় বসাতে সরকারের সর্বাত্মক চেষ্টা চলছে উল্লেখ করে মেনন বলেন, ‘দুই দিন আগেও বিরোধী দলের নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। আলোচনার দরজা এখনো খোলা আছে। তবে বিরোধী দল চাইলেই আলোচনা হতে পারে।’ তিনি বলেন, সরকার বিরোধী দলকে সর্বদলীয় সরকারে আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে চেয়ে সর্বোচ্চ ছাড় দিতে চেয়েছে। তার পরও তারা আসছেন না। বিরোধী দলের জন্য সরকারের পক্ষ থেকে আর কী করণীয় আছে?
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তাঁর পদ ছাড়বেন কি না—এমন প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, ‘সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীই সর্বদলীয় সরকারের প্রধান থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়তে হলে সংবিধান সংশোধন করতে হবে, তা এখন সম্ভব নয়।’