১০ ট্রাক অস্ত্র মামলার রায়: চট্টগ্রামে বিএনপির সংবাদ সম্মেলন
খালেদা-তারেককে ফাঁসাতে সরকারের গবেষণা শুরু
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জড়ানোর জন্য গবেষণা শুরু করেছে আওয়ামী লীগ। খালেদা জিয়ার বিরুদ্ধে আরও তথ্যানুসন্ধান করার হুমকি দিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা শুরু করেছে ফ্যাসিস্ট সরকার। ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ অভিযোগ করেন। এর আগে রোববার দুপুরে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সংবাদ সম্মেলনে আনা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগের জবাব দিতে বিএনপি গতকাল এই পাল্টা সংবাদ সম্মেলন করে। মহিউদ্দিন চৌধুরী অবশ্য ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নোমানের অভিযোগ, বিএনপির শীর্ষ নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ এনেছে। ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় চেয়ারপারসনের বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ পেলে এই সরকার কি তাঁকে ছাড়ত? বরং ১০ ট্রাক অস্ত্র আটকের পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আইনগত সব ব্যবস্থা নিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে আসামিপক্ষের কৌঁসুলি কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে ফাঁসানোর জন্য পিপি কামালউদ্দিন ভারতকে আমন্ত্রণ জানাচ্ছেন। এর মধ্য দিয়ে আসামিদের বক্তব্যের সত্যতা প্রমাণিত হয়েছে। কারণ, আসামিরা আগে থেকেই দাবি করে আসছিলেন, ভারতকে তুষ্ট করার জন্যই মামলাটি সাজানো হয়েছে।
মহানগর আদালতের সাবেক পিপি ও নগর বিএনপির নেতা আবদুস সাত্তার বলেন, সামরিক কর্মকর্তাদের বিচার এই আদালতে হতে পারে না। তাঁরা অপরাধ করলে কোর্ট মার্শালে গোপন বিচার হবে। সরকার নিয়ম ভঙ্গ করে সামরিক কর্মকর্তাদের বিচার করেছে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুরসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।