খালেদা-তারেককে শেষ ধাক্কা দিতে প্রস্তুত থাকতে হবে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়া ও তারেক রহমানকে শেষ ধাক্কা দিতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷ তিনি বলেছেন, ‘এই ধাক্কায় হয় তাঁরা দেশে থাকবেন, না হয় আমরা।’
গতকাল রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আর্কাইভ-১৯৭১। বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলায় প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ১৫৫টি আলোকচিত্র স্থান পেয়েছে৷ প্রদর্শনী চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত, যা সবার জন্য উন্মুক্ত।
অনুষ্ঠানে হাসানুল হক ইনু আরও বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী, জঙ্গিবাদী ও আগুন সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস হতে পারে না।
ছাত্রলীগের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ করে দেশের জন্য স্বাধীনতা এনেছিলেন, আপস করে নয়। তাই ভালো রাজনীতিবিদ হতে হলে বঙ্গবন্ধুর মতো সাহসী হতে হবে। এ ছাড়া ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি কীভাবে পালন করা যায়, তা এখনই সিদ্ধান্ত নিতে হবে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের সভাপতিত্বে ও রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, আর্কাইভ-১৯৭১-এর প্রধান উপদেষ্টা এ এইচ আসলাম, সাংবাদিক ও আর্কাইভ-১৯৭১-এর নির্বাহী পরিচালক প্রণব সাহা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি