খালেদা তিনটি উদ্ভট তত্ত্ব আবিষ্কার করেছেন: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বেগম খালেদা জিয়া তিনটি উদ্ভট তত্ত্ব আবিষ্কার করেছেন। প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়ার জন্মদিন ১৫ আগস্ট এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া পাগলামি করতে পারেন, কিন্তু গণমাধ্যম ও সমাজ তো পাগল হতে পারে না।’
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাব-এডিটর কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল হওয়ার পর আইনের চোখে জিয়া, মোশতাক, সায়েম ও এরশাদ অবৈধ রাষ্ট্রপতি।’ তিনি আরও বলেন, ‘প্রথম রাষ্ট্রপতির তথ্য হচ্ছে ইতিহাস হত্যার তথ্য, মুক্তিযুদ্ধের সূচনাকে বিতর্কিত করা, বাংলাদেশের সবকিছুকে ওলটপালট করে দেওয়ার তথ্য। এটা পরিকল্পিত মিথ্যাচার, মুক্তিযুদ্ধকে বিকৃত করার উদ্দেশ্যে। মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে আবার পঞ্চম সংশোধনীতে ফেরত যাওয়ার হীন উদ্দেশ্য। সুতরাং এসব ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে।’
তথ্যমন্ত্রীর দাবি, রাজনৈতিক আবর্জনা ও জঞ্জাল পরিষ্কার করে নতুনভাবে আইনের শাসন প্রতিষ্ঠার পর্ব চলছে। জঙ্গিবাদ-মৌলবাদ ও সন্ত্রাসীদের বিপক্ষে গণতন্ত্রের উত্তরণের পর্ব চলছে।
গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গণমাধ্যম স্নেহময়ী মাতার মতো। শাসন করে, আবার হাত ধরে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। গণমাধ্যমের কর্মীদের ভুল করার সুযোগ নেই। ঘুমিয়ে পড়ার সুযোগ নেই। তাহলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি সহ-সম্পাদকদের (সাব-এডিটর) উদ্দেশ্যে বলেন, তাদের প্রখর ভাষা-জ্ঞান, ব্যাকরণগত ব্যুত্পত্তি ও সংবাদের সঠিকতা সম্পর্কেও সম্যক অবগত থাকতে হয়। তিনি সহ-সম্পাদকদের গণমাধ্যমের হূিপণ্ড হিসেবে উল্লেখ করেন। সহ-সম্পাদকদের প্রশিক্ষণের জন্য তাত্ক্ষণিকভাবে মন্ত্রণালয়ে অবহিত করে ব্যবস্থা নেবেন বলে তিনি আশ্বাস দেন। বাসস।