খালেদা তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে চান: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। এর মাধ্যমে তিনি তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে চান। কিন্তু বাংলার মানুষ সব অশুভ শক্তিকে প্রতিহত করবে।
আজ সোমবার দুপুরে মতিঝিলের কৃষি ভবনের সামনে শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত হরতালবিরোধী সমাবেশে হানিফ এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতার উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘হরতালের কারণে ছেলেমেয়েদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। সারা দেশে সহিংসতা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। সহিংসতা পরিহার করে এ মুহূর্তে হরতাল প্রত্যাহার করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সময়মতো হবে। নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন।’
বিদেশি একটি প্রভাবশালী পত্রিকায় প্রকাশিত নিবন্ধের উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিডিআর বিদ্রোহ ঘটাতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই নেপথ্যে কাজ করে। বিএনপি এতে সহায়তা করে। আইএসআই পাকিস্তানের একটি আদালতে বিরোধীদলীয় নেতাকে অর্থ দেওয়ার কথা স্বীকার করেছে। এটি বাংলাদেশের মানুষের জন্য লজ্জাকর যে একজন সাবেক প্রধানমন্ত্রী বিদেশি সংস্থার এজেন্ট হিসেবে কাজ করে।’
সমাবেশে আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, আইসিএনএনে এমন একটি নিবন্ধ প্রকাশিত হয়। আইসিএনএন মুক্ত মত প্রকাশের স্থান, যে কেউ যেকোনো বিষয়ে এখানে লিখতে পারেন। এটি সংবাদভিত্তিক কোনো স্থান নয়।