বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি ধ্বংস ও নাশকতায় পৃষ্ঠপোষকতা করছেন। তাঁর মদদেই হেফাজতের কর্মীরা পবিত্র কোরআন ও অন্য ধর্মগ্রন্থে আগুন দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। হেফাজত-জামায়াত-বিএনপির নাশকতা ও পবিত্র কোরআন শরিফে আগুন দেওয়ার প্রতিবাদে ১৪ দল এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে ধ্বংস ও নাশকতার পৃষ্ঠপোষকতা করছেন। তিনি রাজনীতি করার অধিকার হারিয়েছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে জাতি তাঁর বিচার চায়। যারা রাষ্ট্রের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করেছে তাদের ঠিকানা বাংলাদেশে হতে পারে না। তাদের ঠিকানা হবে ইতিহাসের আস্তাকুঁড়ে।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ ছালাম, নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নগর শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ। সমাবেশ থেকে বুধ ও বৃহস্পতিবার ১৮ দলের ডাকা হরতাল প্রতিহত করতে নগরের ২২টি স্থানে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতা-কর্মীদের সার্বক্ষণিক অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।