খালেদা পরাজয়ের গ্লানি নিয়ে ঘরে ফিরেছেন: প্রধানমন্ত্রী
আন্দোলন থেকে বিএনপি-জামায়াতের পিছু হটাকে জনগণের বিজয় হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, খালেদা জিয়া পরাজয়ের গ্লানি নিয়ে ঘরে ফিরে গেছেন।
শেখ হাসিনা আজ মঙ্গলবার বিকেলে গণভবনে দলীয় নেতাদের এক সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী অঙ্গীকার করেছিলেন, সরকারের পতন না ঘটিয়ে তিনি ঘরে ফিরে যাবেন না। কিন্তু সরকার উৎখাত করে গলায় ফুলের মালা নিয়ে ঘরে ফিরে যাওয়া তাঁর ভাগ্যে জোটেনি। বরং আদালত থেকে জামিনের পর ব্যর্থতা ও পরাজয়ের গ্লানি নিয়ে তিনি ঘরে ফিরে গেছেন।
গত তিন মাস ধরে বিএনপি-জামায়াত জোটের আরোপিত হরতাল ও অবরোধ ব্যর্থ করে দিতে অবদান রাখার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের অভিনন্দন জানাতে এ সভা আহ্বান করা হয়।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও সাহারা খাতুন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ এবং কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী জনগণ, বিশেষ করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলন প্রতিহত করতে তাঁরা ব্যাপক অবদান রেখেছেন। এটি জনগণের বিজয়। যাঁরা স্বাধীনতাকে সমুন্নত রাখতে চান এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন এটি তাঁদের বিজয়। এটি তাঁদের বিজয়, যাঁরা জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চান।
এ বিজয়কে ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা কেউ যাতে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ব্যাহত করতে না পারে, সে জন্য দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।