খালেদা পাকিস্তানের এজেন্ট: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ট। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জেগে ওঠা তরুণ প্রজন্মের প্রতি তাঁর আস্থা নেই। তাই তিনি বিদেশি প্রভুদের কাছে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ধরনা দিচ্ছেন।লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে গতকাল শনিবার সকালে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০১৩-এর উদ্বোধনকালে মাহবুব উল আলম এসব কথা বলেন। আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করেন, শুক্রবার বিএনপির ইন্ধনে ইসলামি দলগুলোর ছত্রচ্ছায়ায় জামায়াত-শিবির সারা দেশে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। বিএনপি এর দায় এড়াতে পারে না। তিনি বলেন, চারদলীয় জোট সরকারের আমলে হাওয়া ভবন সব দরপত্র নিয়ন্ত্রণ করেছে। তারেক রহমান কমিশন খেয়ে বিদেশে অর্থ পাচার করেছেন। মামলায় সিঙ্গাপুরে তাঁর ছয় বছরের কারাদণ্ড ও ২৫ কোটি টাকা জরিমানা হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক ও নুরুজ্জামান আহমেদ। সম্মেলনে জেলা আওয়ামী লীগের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে মোতাহার হোসেন আবার সভাপতি ও মতিয়ার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ সম্মেলন হয়।