খালেদা জিয়া গুপ্তহত্যা চালাচ্ছেন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে খালেদা জিয়া এখন বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছেন। তিনি বিদেশি, লেখক, প্রকাশক, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর গুপ্তহত্যা চালাচ্ছেন। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
আজ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনা সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে এ জনসভার আয়োজন করে আওয়ামী লীগ।
বেলা দেড়টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতা-কর্মীরা দলে দলে জনসভায় আসতে থাকেন। সমাবেশে ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, আশুলিয়া, সাভার থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটে। বেলা তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সোহরাওয়ার্দী উদ্যানের মূল মঞ্চে ওঠেন, তখন সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ। নেতা-কর্মীদের উপস্থিতি শুধু সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যেই ছিল না, টিএসসি, বাংলা একাডেমি, দোয়েল চত্বর পর্যন্ত তা ছড়িয়ে পড়ে।

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনা। ছবি: পিআইডি
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনা। ছবি: পিআইডি

শেখ হাসিনা বলেন, ‘২০১৫ সালে সেই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৯৩ দিন নিজেই নিজের অফিস সেই বিএনপি অফিসে বসে থেকে বললেন, সরকার উৎখাত না করে নাকি ঘরে ফিরবেন না। তাঁর আন্দোলন কী? মানুষ পুড়িয়ে মারা, মানুষ খুন করা, মানুষ হত্যা করা? ছোট্ট শিশু, দুধের শিশু, সে-ও রেহাই পায়নি। কলেজের ছাত্রী, সেও রেহাই পাইনি। বাসের ড্রাইভার, হেলপার, সাধারণ মানুষ, তারা রেহাই পায়নি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করার মতো বীভৎস ঘটনা সেই পাকিস্তানি হানাদার বাহিনী ঘটিয়েছে। এরপর ঘটালেন জিয়াউর রহমানের স্ত্রী। যখন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাঁর এ মানুষ খুন করার রাজনীতি প্রতিহত করল, এখনো কিন্তু তিনি অবরোধ প্রত্যাহার করেননি, তাঁর অবরোধ চলছেই। কিন্তু মানুষ সাড়া দেয়নি।’
খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘দেশে মানুষ হত্যা করে যখন পারলেন না, তখন তিনি নিজেই নাকে খত দিয়ে বের হলেন, মামলায় কোর্টে হাজির হলেন। নিজের ঘরে ফিরে গেলেন। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এরপর তিনি গেছেন এখন বিদেশে। আর বিদেশে গিয়ে এখন ষড়যন্ত্র কী? এ দেশে বিদেশিদের হত্যা করতে হবে, তাহলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। এখন তিনি গুপ্তহত্যায় নেমেছেন। এ গুপ্তহত্যায় আওয়ামী লীগের নেতা-কর্মী, এমনকি লেখক, প্রকাশক, বিদেশি সবার ওপর গুপ্তহত্যা। খুনিদের পরিচয় কী? যারা ধরা পড়ছে, দেখা যাচ্ছে তারা ছাত্রজীবনে ছাত্রশিবির অথবা বিএনপি-ছাত্রদলের রাজনীতি করত। অর্থাৎ, দেশে না পেরে এখন বিদেশে বসে দেশে গুপ্তহত্যা শুরু করেছেন দেশের ভাবমূর্তি নষ্ট করতে।’
শেখ হাসিনা বলেন, ‘কোনো কোনো মহল চেষ্টা চালাচ্ছে, এ দেশে আইএস আছে, এ দেশে সন্ত্রাস আছে। এ দেশে সন্ত্রাসী সৃষ্টি করেছিল বিএনপি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই সন্ত্রাস কঠোর হস্তে দমন করেছে। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাকে রেহাই দেওয়া হয় না। তার বিরুদ্ধে আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি এবং ব্যবস্থা নেব, সে যে দলেরই হোক না কেন।’ এসব হত্যাকাণ্ডের বিচার করার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘গুপ্তহত্যা যারা করছে, তাদের কিছুকে খুঁজে বের করা হয়েছে। আরও হবে। তাদের লিংক কোথায়, বড় ভাই কোথায়, তা বের করে এই বাংলার মাটিতে শাস্তি দেওয়া হবে। খুনিদের শাস্তি দেবই দেব, আমি শুধু বাংলাদেশের মানুষের সহযোগিতা চাই।’
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী ৭৫-এর ১৫ আগস্ট, ৩ নভেম্বর জেলহত্যার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং তাঁদের হত্যাকারীদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পুনর্বাসন করায় তাঁর সমালোচনা করেন। ৩১ মিনিটের বক্তব্যে শেখ হাসিনা তাঁর সরকারের নেওয়া বিদ্যুৎ ও শিক্ষা খাতের অর্জন এবং বিশ্ব মন্দা থাকা সত্ত্বেও দেশের প্রবৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন।
আলোচনা সভায় জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘ক্ষমতায় থাকলে আমরা অলস হয়ে পড়ি। আমাদের প্রয়োজনে আমাদের উদ্যোগ নিতে হবে। আমরা যেন আরও সচেষ্ট থাকি। সব সময় যেন আমরা চোখ ও কান খোলা রাখি। প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রীর হাতে এখনো অনেক কাজ রয়েছে। তাঁকে আরও শক্তি প্রদান করতে হবে।’
জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, জাহাঙ্গীর কবির নানক, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
সমাবেশ পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।
সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের এ জনসভার ফলে রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, নাবিস্কো-সাতরাস্তা, মগবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়-নীলক্ষেত, মিরপুর রোড, পল্টন, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকায় তীব্র যানজটের কবলে পড়ে মানুষ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে আসতে থাকে।