খালেদা যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার কঠোর সমালোচনা করে বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে তিনি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তবে তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না। শেখ হাসিনা বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, ‘হত্যা, বাসে আগুন এমনকি যাত্রীদের গায়ে পেট্রল ঢেলে অস্থিতিশীলতা সৃষ্টি করে আপনি যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু আপনি তাঁদের বাঁচাতে পারবেন না। বাংলাদেশের মাটিতে অবশ্যই তাঁদের বিচার হবে।’ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের পর দেশে শান্তি ফিরে এসেছে। গতকাল শনিবার বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সরকারের টাকা নিয়ে দুই ছেলেকে পড়িয়েছেন। তিনি তাঁদের লুটপাট আর মানি লন্ডারিং শিক্ষা দিয়েছেন। আমরা বিদেশ থেকে তাঁদের মানি লন্ডারিংয়ের টাকা ফেরত এনেছি।’ প্রধানমন্ত্রী নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাঁচ হাজার ৫১০টি নির্বাচন করেছে। প্রতিটি নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আগামী নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রধানমন্ত্রী বিগত নির্বাচনে পাবনার পাঁচটি আসনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের জয়ী করানোর জন্য পাবনাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে জেলার উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ শামসুর রহমান শরীফের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন: পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, রেলমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহামঞ্চদ নাসিম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।এর আগে প্রধানমন্ত্রী জনসভা মঞ্চের পাশে ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন করেন। বেড়ায় ৭০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র: এর আগে জেলার বেড়ায় প্রধানমন্ত্রী ‘বেড়া ৭০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্র’ ও নবগঠিত বেড়া পৌর ভবনের উদ্বোধন করেন। পরে বেড়া কলেজ মাঠে বেড়া ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন। গত সংসদ নির্বাচনে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে হারিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করায় বেড়া-সাঁথিয়ার জনগণের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। মতবিনিময় সভায় স্থানীয় নেতারা বক্তব্য দেন।সিরাজগঞ্জে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকায় গতকাল সকালে সয়দাবাদে প্রধানমন্ত্রী ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন এবং ৭৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে জেলার উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীর ওপর সড়ক ও জনপথ অধিদপ্তর নির্মিত সোনাতলা সেতুর উদ্বোধন করেন। দুটি স্থানে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় চার নেতার একজন শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর বাড়ি এই সিরাজগঞ্জে। তাই সিরাজগঞ্জের উন্নয়নে আমার সরকার সবচেয়ে গুরুত্ব আরোপ করে।’ দুই অনুষ্ঠানের জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাস, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম প্রমুখ।