স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, খালেদা জিয়া লংমার্চের নামে যুদ্ধাপরাধের বিচারব্যবস্থায় বাধা দেওয়ার চক্রান্ত করছেন। এতে কোনো লাভ হবে না। যুদ্ধাপরাধীদের বিচার খুব দ্রুত বাংলার মাটিতেই হবে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন এসব কথা বলেন। তিন দিনের সরকারি সফরে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সকাল সাড়ে ১০টায় বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। দুপুর ১২টায় তিনি ওই সভায় যোগ দেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ক্ষেত্রে কক্সবাজারের অবস্থা যেমন ভালো, সারা দেশের অবস্থাও তাই। গত তিন বছরে এই মহাজোট সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ অন্তত শান্তিতে বসবাসের সুযোগ করে দিতে পেরেছে। সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, সাংসদ আবদুর রহমান বদি, এথিন রাখাইন, সুফিয়া খাতুন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) নওশের আলী।