খালেদা যেদিন চাইবেন সেদিনই ঢাকায় সমাবেশ: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া যেদিন চাইবেন, সেদিনই ঢাকার রাস্তায় সমাবেশ করবেন। দেশের মানুষকে সঙ্গে নিয়েই সেই সমাবেশ হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সভার আয়োজন করে।
প্রথম আলোতে গতকাল প্রকাশিত ‘ঢাকায় খালেদাকে কর্মসূচি করতে দেবে না সরকার’ শীর্ষক সংবাদ উদ্ধৃত করে মির্জা ফখরুল বলেন, সরকার খালেদা জিয়াকে ঢাকায় সমাবেশ করতে দেবে না। খালেদা জিয়ার দুটি অনুষ্ঠানে সরকার বাধা দিয়েছে। তার পরও তিনি কথা বলেছেন। খালেদা জিয়া যখন চাইবেন, তখনই ঢাকার রাস্তায় সমাবেশ করবেন।
সরকারের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এ ধরনের চিন্তা মাথা থেকে দূর করুন। অহমিকা ত্যাগ করুন। হিটলার, নমরুদ, ফেরাউন, ইয়াহিয়া কেউই ক্ষমতায় টিকে থাকতে পারেননি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ আবারও গণতন্ত্র হত্যা করেছে। এ জন্য জনগণের সঙ্গে নানা ছলচাতুরী করেছে। ৫ জানুয়ারির নির্বাচনের আগে তারা বলেছিল, সংবিধান রক্ষার জন্য তারা একটি নির্বাচন করছে। দ্রুত সবার অংশগ্রহণে একটি নির্বাচন করা হবে। কিন্তু তারা এখন বলছে, পাঁচ বছর ক্ষমতায় থাকবে। তিনি বলেন, ‘বললেই কি ক্ষমতায় থাকা যায়। ১৪ আগস্ট কি কেউ ভেবেছিল ১৫ আগস্ট ট্র্যাজেডি হবে?’
ড৵াবের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে বই প্রদর্শনীর আয়োজন করে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রদর্শনীর উদ্বোধন করেন।