স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে ছেলে তারেক রহমানের কাছে বন্দী হয়ে আছেন। গতকাল শনিবার দুপুরে কুষ্টিয়ায় মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণ অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি নাশকতার ঘটনাগুলোর জন্য খালেদা জিয়াকে দায়ী করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা চিন্তা করছি, আমরা জানি, সন্দেহ করছি, আপনি (খালেদা জিয়া) হুকুম দিয়ে দুজন বিদেশি হত্যা করার ব্যবস্থা করেছেন, পুলিশ হত্যা করেছেন। তাজিয়া মিছিলে হামলা চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি দেশের মানুষকে হত্যা করেছেন। ব্যর্থ হয়েছেন। এখন বিদেশি হত্যা করে আওয়ামী লীগকে সরাতে চান।’ তিনি আরও বলেন, ২০১৯ সালে নির্বাচন হবে, তার এক দিন আগে নির্বাচন হবে না, হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারতে যেভাবে ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন হয়, সেভাবে বাংলাদেশে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘বিদ্যুৎ-সংকট সমাধান করা হয়েছে। জঙ্গির উত্থান বন্ধ করা হয়েছে, গ্রামে চিকিৎসক দেওয়া হয়েছে, মানুষকে শান্তি দেওয়া হয়েছে। ২০১৯ সালে নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করবে।’
কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহবুব-উল আলম হানিফ প্রমুখ। এ সময় সেখানে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।