খালেদা শিগগিরই শফীর বিরুদ্ধে মুখ খুলবেন: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করায় হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শিগগিরই শফীর বিরুদ্ধে মুখ খুলবেন ও তাঁকে বর্জন করবেন। আজ বুধবার প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী শফীর ওই বক্তব্যকে অশ্লীল আখ্যায়িত করে একে সংবিধান, মানবতা, সভ্যতা ও নারীবিরোধী বলেছেন। তিনি বলেন, শফী অবান্তর, অশ্লীল তত্ত্ব দিয়ে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে ধর্মীয় উসকানি দিয়েছেন। এর ফলে দেশে সংঘর্ষের সূত্রপাত হতে পারে। তাই উসকানিদাতা হিসেবে তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
ইনু বলেন, শফী তাঁর বক্তব্যের মাধ্যমে শুধু নারীদেরই অপমান করেননি, পুরুষেরাও এতে অপমানিত হয়েছে। এ ছাড়া তাঁর (শফী) ওই বক্তব্যের মধ্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলেও মত দেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, শফীর বক্তব্যের পর অনেক ব্যক্তি নীরব রয়েছেন, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, কেউ কেউ শফীর বক্তব্যকে ‘মিডিয়া ক্যু’ বলেছেন।
শফীর বক্তব্য এখন যারা অস্বীকার করছেন, তাঁরা তাঁর ঘনিষ্ঠ অনুসারী বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।