খালেদা শোকে পাথর হয়ে গেছেন: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের রায় শুরু হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শোকে পাথর হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, একজনের মাত্র বিচার হয়েছে। পর্যায়ক্রমে সব রাজাকারের বিচার হবে। এখনো যদি নাৎসি বাহিনীর বিচার হতে পারে, তাহলে একজন রাজাকার অবশিষ্ট থাকা পর্যন্ত এ বিচার অব্যাহত থাকবে।গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বর্ধিত সভায় মতিয়া চৌধুরী এ মন্তব্য করেন। তিনি বলেন, তাড়াহুড়া করে যুদ্ধাপরাধীদের বিচার করা হয়নি। বিচার বিভাগ কারও অঙ্গুলি নির্দেশে কিংবা কারও ইশারায় রায় দেয়নি। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার দাবি ও বিএনপি-জামায়াতের ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশব্যাপী ১৪ দলের এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন মতিয়া চৌধুরী। সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, মুক্তিযুদ্ধ ছিল একটা রাজনীতি। সে রাজনীতি ছিল জনগণের অধিকার আদায় ও শোষণ থেকে মুক্তি পেতে। বাংলার মানুষ নিজেদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে নয় মাস যুদ্ধ করেছে। যুদ্ধাপরাধীদের বিচারও জনগণের রাজনৈতিক এজেন্ডা। ‘রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধাপরাধীদের বিচার জনগণ মেনে নেবে না’ বলে বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলামের বক্তব্যের জবাবে রাশেদ খান মেনন এ কথা বলেন। সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আফজাল হোসেন, মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), জাসদের শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, সাম্যবাদী দলের আবু হাসেম সাহাবুদ্দিন প্রমুখ। এর আগে একই স্থানে ১৪ দলের ঢাকা মহানগরের বর্ধিত সভা হয়। তাতে আজকের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন কর্মসূচি সফল করতে আলোচনা হয়। ঢাকায় মানববন্ধনের পথ: আজ বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত গাবতলী থেকে শ্যামলী, আসাদগেট, ধানমন্ডি ২৭ নম্বর, রাসেল স্কয়ার, পান্থপথ, বসুন্ধরা সিটি, সোনারগাঁও হোটেল, শাহবাগ, হাইকোর্ট, পুরানা পল্টন মোড়, শহীদ নূর হোসেন চত্বর, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ইত্তেফাক মোড়, রাজধানী সুপার মার্কেট, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করবেন ১৪ দলের নেতা-কর্মীরা।তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় রাজনৈতিক কর্মসূচি থাকায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও নড়াইল এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।