খালেদা সংঘাত সৃষ্টি করতে চান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে ক্ষমতায় গিয়ে দেশে ভয়াবহ সংঘাত সৃষ্টি করতে চান। যুদ্ধাপরাধীদের মুক্ত করে দিয়ে তিনি মুক্তিযুদ্ধের পক্ষশক্তির অস্তিত্বই বিলীন করে দিতে চান। দেশে আবারও তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।
আজ বুধবার গণভবনে তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মতবিনিময়ে ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, সুনামগঞ্জ, কুষ্টিয়া, চাঁদপুর এবং বরগুনা জেলা ও এসব জেলার সব থানা, উপজেলা ও প্রথম শ্রেণীর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা যোগ দেন।
হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলামের মাদ্রাসায় ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণের ঘটনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এদের নিয়ে বিএনপি ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীদের গাড়িতে আবারও জাতীয় পতাকা উড়বে। দেশবাসীকে ভেবে দেখতে হবে, দেশে আবারও জঙ্গিবাদ ও সন্ত্রাস ফিরে আসুক সেটা তারা চায় কি না? তিনি বলেন, চট্টগ্রামে হেফাজত নেতা মুফতি ইজাহারের মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় দেখা গেছে কী পরিমাণ বোমা ও গ্রেনেড সেখানে তৈরি করা হচ্ছিল। এগুলো যদি বিস্ফোরিত না হতো, তবে কেউ জানতেই পারত না সেখানে কী হচ্ছে! কত মারণাস্ত্র তারা তৈরি করছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘জানি না এটা নিয়ে কী ঘটনা ভবিষ্যতে ঘটতে পারত। আল্লাহর বিধান, তাই তিনিই এটা প্রকাশ করে দিয়েছেন।’ এ প্রসঙ্গে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র উদ্ধার এবং মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডব তুলে ধরে তিনি বলেন, এই হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়েই ৫ ও ৬ মে বিরোধীদলীয় নেত্রী আওয়ামী লীগ সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। তাঁর সঙ্গে রয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতের সন্ত্রাসের কথা আর বলতে হবে না। হাত কাটা, রগ কাটা, পা কাটা, মানুষ হত্যা সবই তারা করে। এদের নিয়েই বিএনপির নেত্রী ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছেন। এ কারণেই তিনি এদের মদদ দিচ্ছেন।
সরকারের উন্নয়নকাজের বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। তবে এটা বিরোধীদলীয় নেত্রীর পছন্দ নয়। তাই বিচার বন্ধ করতে তিনি বাসে পেট্রল ঢেলে ঘুমন্ত ড্রাইভার হত্যা করছেন, পুলিশ হত্যাও করছেন।