খালেদা সন্তানের জন্য নয় সম্পদের জন্য কাঁদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ‘এরা সন্তানের জন্য কান্দে না; বাড়ির জন্য কান্দে, সম্পদের জন্য কান্দে।’ গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ু্ল জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর ফটকের সামনে থেকে দলের আনন্দ শোভাযাত্রার উদ্বোধনকালে বিরোধী দলের সংসদ বয়কটের উল্লেখ করে মতিয়া চৌধুরী এ কথা বলেন।মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মামলায় জয়লাভ ও ১৯৯৬ সালের ৩০ মার্চ তৎকালীন বিএনপি সরকারের পদত্যাগের দিনকে ‘স্বৈরাচার পতন’ দিবস উদ্যাপন উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।খালেদা জিয়াকে উদ্দেশ করে মতিয়া চৌধুরী বলেন, ‘এত লাফালাফি কইরেন না, আরাম-আয়েশ ছাড়তে পারেন না বলেই সংসদে আসেন না। তাই ৯০ দিন ফুরাবার আগে সংসদে এসে দাঁড়ি-কমাহীন ধারাপাত পড়ে গেছেন।’ তিনি বলেন, ‘জনতাকে সাক্ষী রেখে বলে গেলাম, ৯০ দিন ফুরাবার আগে তারা (বিএনপি) আবার সংসদে আসবে। কারণ, এরা সন্তানের জন্য কান্দে না; বাড়ির জন্য কান্দে, সম্পদের জন্য কান্দে।’কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই জনগণ কিছু পায়। অন্যরা থাকলে দেশের কপালে কলঙ্কতিলক আসে, দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়।’ ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘রূপবান মার্কা নির্বাচন করেও ’৯৬ সালের ৩০ মার্চ বিদায় নিতে বাধ্য হয়েছেন। সেই খেলা আর খেলতে পারবেন না। জনতার রায়ে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন, ভারতের সঙ্গে সমুদ্রসীমা মামলার রায়েও জয়লাভ করবেন।’আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘খালেদা জিয়া আইএসআইয়ের টাকা খেয়ে পাকিস্তানের এজেন্ট হিসেবে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে এ সরকারের পতন ঘটানোর জন্য চক্রান্তে লিপ্ত হয়েছে। আসুন, এই পাকিস্তানি এজেন্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’বিকেল পৌনে পাঁচটায় নূর হোসেন স্কয়ার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। পুরানা পল্টন, প্রেসক্লাব, হাইকোর্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়।আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দীন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।শোভাযাত্রায় আওয়ামী লীগ ছাড়াও ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন। মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও এতে যোগ দেয়। অনেকেই জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি এবং আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা বহন করেন। শোভাযাত্রা শুরুর আগে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা যুদ্ধাপরাধের অভিযোগে আটক কয়েকজনের কুশপুত্তলিকায় আগুন দেন।