বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিঙ্গাপুর যাওয়া নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির নেতারা।গতকাল বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া সম্পর্কে সৈয়দ আশরাফ রাজনৈতিক শিষ্টাচারবিবর্জিত কথা বলেছেন। তাঁর বক্তব্য সর্বৈব মিথ্যা। হাঁটু ও দাঁতের চিকিৎসার জন্য গত মঙ্গলবার রাতে খালেদা জিয়া সিঙ্গাপুর যান। পরদিন এক আলোচনা সভায় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়া শুধু চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাননি। একটি বিশেষ শক্তিশালী দেশের সঙ্গে বোঝাপড়া করার জন্য সিঙ্গাপুর গেছেন। কীভাবে আগামী দিনে ক্ষমতায় আসা যায়, কী করলে তারা ক্ষমতায় বসাবে—এ বোঝাপড়ার জন্যই তিনি এ সফরে গেছেন।আশরাফের এ বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সৈয়দ আশরাফকে আমরা একজন সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জানি। বিরোধীদলীয় নেতা সম্পর্কে তাঁর বক্তব্যে আমরা আশাহত, মর্মাহত ও ব্যথিত হয়েছি।’ তিনি বলেন, বিরোধীদলীয় নেতা অত্যন্ত অসুস্থ বলেই চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। তিনি দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করতে চলমান সংগ্রামে অংশ নেবেন।প্রজন্ম চত্বর সরকারের সৃষ্টি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, নিজেদের ব্যর্থতা, দুর্নীতি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি ধামাচাপা দিতে সরকারই শাহবাগের প্রজন্ম চত্বর সৃষ্টি করেছে। মানবতাবিরোধীদের বিচারের নামে আগামী নির্বাচনেও রাজনীতি করতে সরকার এখন জেলা-উপজেলায়ও এ রকম চত্বর বানাতে চাইছে।গতকাল বিকেলে নয়াপল্টনে জাসাস আয়োজিত এক আলোচনা সভায় মোশাররফ এ দাবি করেন। তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সৈয়দ আশরাফের বক্তব্যের প্রতিবাদ জানান। মোশাররফ বলেন, বিএনপি জনগণ ছাড়া কারও অনুগ্রহে বিশ্বাস করে না। আওয়ামী লীগ কোন দেশের মুখাপেক্ষী, তা এ দেশের মানুষ জানে। তারা প্রতিবেশী একটি দেশ থেকে বস্তা বস্তা টাকা এনে নির্বাচন করে ক্ষমতায় এসেছে।জাসাসের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সংগীতশিল্পী মনির খান প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।