বিরোধী দলের নেতা খালেদা জিয়া সেনানিবাসের বাড়িতে এবং তাঁর ছেলে তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, সাধারণ মানুষ যেখানে থাকার জায়গা পায় না, সেখানে সেনানিবাসে বসে ষড়যন্ত্র করবেন, এটা হতে পারে না। আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে এ বাড়ি থেকে বের করা হবে। সরকার আইনের পথে এগোচ্ছে, আইনই ঠিক করবে তিনি কোথায় থাকবেন।গতকাল শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে যুব মহিলা লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মতিয়া চৌধুরী প্রশ্ন রেখে বলেন, বিডিআরের ঘটনা, তৈরি পোশাকশ্রমিকদের অসন্তোষ কেন, এগুলো কিসের আলামত? দেশের অর্থনীতি যাতে দাঁড়াতে না পারে এবং নৈরাজ্যের অজুহাতে গণতন্ত্রবিরোধী কুচক্রি মহল যাতে হস্তক্ষেপ করে, সে জন্যই এগুলো করা হচ্ছে। তিনি বলেন, ভাঙা স্যুটকেস, ছেঁড়া গেঞ্জি থেকে এখন একে একে সম্পদ বের হচ্ছে। সেনানিবাসের জমি, গুলশানে জমি, উত্তরার জমি, এখন আবার সাভারের আশুলিয়ায়ও জমি বের হয়েছে।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ৩৪ বছর পর বঙ্গবন্ধুর খুনিদের বিচার এবং ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। যারা বিদেশে পালিয়ে আছে, তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পলাতক আসামিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।সভায় সভাপতিত্ব করেন যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার।