বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বগুড়ায় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর বক্তব্যে সেনাবাহিনীকে কোনো উসকানি দেননি। তিনি (খালেদা জিয়া) সেনাবাহিনীর কাজের প্রশংসা করেছেন। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের সামনে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দলীয় নেতাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি একটি দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে মির্জা ফখরুল, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। খালেদা জিয়া চলে যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। তারা গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছে।অন্য কোনো দেশ হলে বগুড়ার বক্তব্যের জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা হতো—আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশদ্রোহী কারা তা জনগণই বিচার করবে। বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়। তবে সেই বিচার হতে হবে আন্তর্জাতিক মানের। এখন যে বিচার চলছে তা দেশে ও বিদেশে প্রশ্নের সম্মুখীন হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে। বিজয় না হওয়া পর্যন্ত সবাইকে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে শরিক থাকার প্রতি আহ্বান জানান তিনি।