
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ করার ঘোষণা দিয়েছিলাম। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের সোপানে পা রেখেছে। বিএনপির নেত্রী খালেদা জিয়া যদি দেশের ক্ষতি না করেন, ষড়যন্ত্র না করেন, জ্বালাও-পোড়াও না করেন, স্থির থাকেন, তবে ২০২১ সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
বগুড়াবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া যখন এখানে আসবেন, তখন আপনারা তাঁকে বলবেন, তিনি যেন আর মানুষ না পোড়ান।’
সাম্প্রতিক সময়ে বিদেশি নাগরিক হত্যার ঘটনাকে সরকারের বিরুদ্ধে চক্রান্ত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়ার ছেলে বিদেশে বসে আছেন। বিলাসবহুল জীবনযাপন করছেন। তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন খালেদা জিয়া। সেখানে বসে বিদেশি হত্যার চক্রান্ত করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চান। দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চান। বাংলাদেশের মানুষ সন্ত্রাসে বিশ্বাস করে না। দেশের মানুষ এই চক্রান্ত সফল হতে দেবে না।’
বিএনপি নেত্রীর কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ৯৪ দিন অফিসে বসে জ্বালাও-পোড়াও করেছেন। নির্দেশ দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। হাজার হাজার গাড়ি পুড়িয়েছেন। পুলিশ-আনসার হত্যা করেছেন। আন্দোলনে ব্যর্থ হয়ে ৯৪ দিন পর নাকে খত দিয়ে অফিস থেকে বের হয়ে সোজা মামলার হাজিরা দিতে গেছেন।’
বগুড়ার উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়া একসময় শিল্পনগরী হিসেবে পরিচিত ছিল। কৃষিপণ্য প্রক্রিয়াকরণের জন্য এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব। এখানে বিশ্ববিদ্যালয় নেই। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমরা গেজেট পাস করেছিলাম। বিএনপি তা বাতিল করে। আমরা বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব।’
একই সঙ্গে বগুড়া থেকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু যমুনা সেতু পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণ, প্রতিটি উপজেলায় একটি করে ছোট ফুটবল স্টেডিয়াম নির্মাণ এবং যমুনা নদী ড্রেজিং করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘বগুড়া থেকে আওয়ামী লীগ সব সময় কম আসন পেয়েছে। কিন্তু উন্নয়নে অবহেলা করিনি। আওয়ামী লীগ সরকার বগুড়ার ব্যাপক উন্নয়ন করেছে। কারণ, আওয়ামী লীগ জনগণকে দিতে জানে। নৌকা মার্কা কখনো কাউকে ঠকায় না। আমরাই পারি দেশের উন্নয়ন করতে। বিএনপি-জামায়াত তা পারে না। তারা সন্ত্রাস, লুটপাট, জ্বালাও-পোড়াও করে।’
প্রায় পৌনে এক ঘণ্টার ভাষণে প্রধানমন্ত্রী তাঁর তিন মেয়াদের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরেন। বিদ্যুৎ খাতের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে দেশে বিদ্যুৎ উৎপাদন হয়নি। খাম্বা উৎপাদনের নামে লুটপাট হয়েছিল। আওয়ামী লীগ ১০০টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছি। ঘরে ঘরে সবাই বিদ্যুৎ পাবে।’
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ ও খালিদ মাহমুদ এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ বক্তব্য দেন।
এর আগে জনসভাস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী ৩৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে ১০ তলাবিশিষ্ট জেলা মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় ভবন, কাহালু ও নন্দীগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সারিয়াকান্দিতে সুখদহ নদের ওপর সেতু, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্রী হোস্টেল, বগুড়া হাউজিং এস্টেটের আবাসিক ফ্ল্যাট ভবন এবং সারিয়াকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ প্রকল্প উদ্বোধন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পগুলোর মধ্যে আছে সরকারি আজিজুল হক কলেজে ১০০ শয্যার ছাত্র হোস্টেল, সারিয়াকান্দিতে বাঙ্গালী নদী এবং ধুনটে ইছামতী নদীর ওপর সেতু নির্মাণ, বগুড়া পল্লী উন্নয়ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ১০ তলা একাডেমিক ভবন নির্মাণ, বগুড়া মহিলা কলেজে একাডেমিক ভবন নির্মাণ ও সোনাতলা উপজেলা সদরে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ।
সেনাবাহিনীর প্রতি আহ্বান: বাসস জানায়, এর আগে বগুড়া সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের মঙ্গলের জন্য কাজ করে যেতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনানিবাসের সাঁজোয়া কোর সেন্টার অ্যান্ড স্কুলে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ কোরের পঞ্চম পুনর্মিলনী উপলক্ষে প্রধানমন্ত্রী পুনর্মিলনী প্যারেড পরিদর্শন করেন। তিনি অভিবাদন গ্রহণের পর দক্ষতা, দায়িত্বশীলতা ও দেশসেবার স্বীকৃতি হিসেবে সাঁজোয়া কোরের ১২ ল্যান্সার রেজিমেন্টের কমান্ডারের হাতে জাতীয় পতাকা (ন্যাশনাল স্ট্যান্ডার্ড) তুলে দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের সম্পদ ও গর্বের প্রতীক। সরকারপ্রধান হিসেবে আমি এই বাহিনীর উন্নয়নে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও প্রশিক্ষণের মান যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। তিনি এ প্রসঙ্গে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার প্রতিষ্ঠা, অত্যাধুনিক ট্যাংক এমবিটি-২০০০সহ উন্নত প্রযুক্তির অস্ত্র সংগ্রহ কার্যক্রম, সিলেটে ১৭ পদাতিক ডিভিশন স্থাপনসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ভবিষ্যতে আরও দুটি সাঁজোয়া রেজিমেন্ট গঠনের পরিকল্পনাও বিবেচনাধীন।
প্রধানমন্ত্রী প্যারেড মাঠে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাঁকে অভ্যর্থনা জানান।