খালেদা হতাশ হয়ে কথা বলছেন: নাসিম
বিএনপি

চেয়ারপারসন খালেদা জিয়ার মতিভ্রম হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, যে দল বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছে, তাদের বিরুদ্ধে যখন দেশ বিক্রির অভিযোগ করা হয়, তখন সেটি হাস্যকর ছাড়া আর কিছু নয়। খালেদা জিয়া হতাশ হয়ে কথা বলছেন। বিএনপি নেত্রী একটা ভাঙা রেকর্ড। এ দেশের মানুষ তাঁর বক্তব্য গ্রহণ করেনি।
আজ সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। মুজিব নগর সরকার দিবস উদ্যাপন কমিটির প্রস্তুতি নিয়ে এক বৈঠক শেষে এ সংবাদ সম্মেলন করা হয়।
খালেদা জিয়ার সমালোচনা করে নাসিম আরও বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে, আর্থসামাজিক উন্নয়নে দুই দেশ একমত হয়ে করেছে। এখানে কোনোভাবেই শেখ হাসিনা দেশকে বিক্রি করেননি। দেশ বিক্রি করতে পারে—এমন কোনো শক্তি বাংলাদেশে নেই। এটা খালেদা জিয়ার একটা বালখিল্য বক্তব্য।
স্বাস্থ্যমন্ত্রী নাসিম অভিযোগ করেন, এখনো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অব্যাহত চক্রান্ত চলছে। বিএনপি-জামায়াত জোট এ অশুভ শক্তিকে সহযোগিতা করছে। শেখ হাসিনার নেতৃত্বে এ চক্রান্তকে নস্যাৎ করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মুজিব নগর সরকার দিবস উপলক্ষে আওয়ামী লীগের দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন মোহাম্মদ নাসিম। এর মধ্যে ১৭ এপ্রিল ভোরে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়সহ সারা দেশে জাতীয় পতাকা উত্তোলন। সকাল আটটায় ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। বেলা তিনটায় মুজিবনগরে সমাবেশ। এ সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সভাপতিত্ব করবেন মোহাম্মদ নাসিম।
১৮ এপ্রিল বেলা তিনটায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আবদুর রহমান; সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী; দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।