খালেদা 'খুনি' বলেছেন, এটা মনে রাখবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ভূয়সী প্রশংসা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘এরশাদ সাহেবকে আমি শ্রদ্ধা করি। তিনি চমত্কার মানুষ, তার আচার-ব্যবহারও অত্যন্ত ভালো।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাজেট বক্তৃতার এক পর্যায়ে তোফায়েল আহমেদ বলেন, ‘খালেদা জিয়া এরশাদকে সঙ্গে পেতে চেয়েছিলেন। না পেয়ে তাঁকে খুনি বলতেও দ্বিধা করেননি। এগুলো মনে রাখবেন সাবেক রাষ্ট্রপতি (এরশাদ)।’ এ সময় তোফায়েলের দিকে তাকিয়ে এ কথায় সাঁয় দেন এরশাদ।
এরশাদকে উদ্দেশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তিনি কতগুলো কথা বলেছেন, এগুলো আমাদের সবার কথা। তিনি আমাদের প্রধানমন্ত্রীর বিশেষ দূত। আমরা খুশি হতাম ২০১৩ সালে রাজনীতির নামে দেশে কী হয়েছিল, তা যদি তিনি বলতেন।’
এরশাদ তাঁর বক্তৃতায় নারায়ণগঞ্জ, ফেনী ও বিহারি কলোনির ঘটনার উল্লেখ করে এর জন্য সরকারকে দোষারোপ করেন। এর উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ, ফেনী ও বিহারি কলোনিতে যা ঘটেছে এটা বাংলাদেশে হওয়ার কথা নয়। যেদিন রাজনীতি অরাজনৈতিক ব্যক্তিদের হাতে গেছে, সেদিন থেকে রাজনীতি কলুষিত হতে শুরু করেছে।
বিএনপিকে উদ্দেশ করে তোফায়েল আহমদ বলেন, ‘ঈদের পর বলেছেন আন্দোলন করবেন। ৫ জানুয়ারির নির্বাচনের আগে সব ক্ষমতা দেখিয়েছেন। আন্দোলন করে সরকারের ক্ষতি করার সামর্থ্য বিএনপির নেই। ব্যবসায়ীদের ক্ষতি করতে পারবেন।’
‘এই পথে যাবেন না, দেশের ক্ষতি করবেন না’ এ আহ্বান করে তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা আর তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাব না। সংবিধান অনুযায়ী এ সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।’

বিএনপি বাংলাদেশে মার্শাল ল’ চেয়েছিল উল্লেখ করে তোফায়েল বলেন, তারা দেশকে থাইল্যান্ড বানাতে চেয়েছিল। ২৪ জানুয়ারির আগে নির্বাচন করতে না পারলে দেশ থাইল্যান্ড হতো।

২০১৩ সালে আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নাশকতার কয়েকটি ঘটনাও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।