বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘লেডি লাদেন’ এবং তাঁর ছেলে তারেক রহমানকে ‘জুনিয়র লাদেন’ বলে অভিহিত করলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
কৃষিমন্ত্রী গতকাল শনিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘মা ও ছেলে লাদেনের ভাষায় বক্তব্য দিয়ে দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিলেন। তাঁদের ধ্বংসের খেলা থেকে মানুষ মুক্তি পেয়েছে। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে লাদেনের কায়দায় দেশ চলবে, জনগণ তা মেনে নেবে না।’
সরকারি অনুদানের অর্থ (চেক) ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচন বানচালের সব প্রচেষ্টায় ব্যর্থ হয়ে এখন বিদেশিদের প্রভু মানতে শুরু করেছেন। তাতে কোনো লাভ হবে না। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে হত্যা ও ধ্বংসযজ্ঞ হয়েছে, তার জন্য তিনিই দায়ী।’
আলোচনা সভা শেষে উপজেলার পাঁচটি মসজিদে ধর্ম মন্ত্রণালয়ের ৬৫ হাজার টাকা, ২২ জন প্রতিবন্ধীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৪৪ হাজার টাকা, নির্যাতনের শিকার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৫০ হাজার টাকা, তিনটি এতিমখানার শিশুদের ৫২টি কম্বলসহ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের ২৫০টি কম্বল বিতরণ করেন।