খালেদাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ মিথ্যা: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া অবরোধ ডেকে নিজে ঘরে বসে থাকেন। তাঁকে অবরুদ্ধ করে রাখার যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের কাছে এমনটাই দাবি করেন হানিফ।

বিএনপির শক্তি-সামর্থ্য প্রসঙ্গে হানিফ বলেন, রাজপথে আন্দোলন করে দাবি আদায়ের মতো শক্তি বা মানসিকতা বিএনপির নেতাদের নেই। বিএনপি একটি আদর্শহীন, জগাখিচুড়ি মার্কা দলে পরিণত হয়েছে।

হানিফ হুঁশিয়ার দিয়ে বলেন, এই নির্বাচনে কেউ নাশকতা ঘটানোর চেষ্টা করলে নির্বাচনের পর তাদের চরম মাশুল দিতে হবে। আর দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের চলমান রাজনৈতিক সংকট বা অচলায়তন কেটে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময়ের সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহসভাপতি রবিউল ইসলামসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

গত ২৯ নভেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য খালেদা জিয়া গুলশানের তাঁর বাসভবন থেকে বের হওয়ার চেষ্টা করলেও পুলিশি বাধায় তিনি বাড়ির ফটক পার হতে পারেননি।