খালেদাকে আফগানিস্তান বা পাকিস্তানে পাঠানো হবে: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু খালেদা জিয়াকে ট্রেনে আফগানিস্তান বা পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় ১৪ দলের প্রতিবাদ সভায় তিনি এ হুমকি দেন।

খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সন্ত্রাস, গাড়ি পোড়ানো ও নাশকতা বন্ধ করুন। সমঝোতা চাইলে যুদ্ধাপরাধী ও জামায়াতিদের সঙ্গে সম্পর্ক ছাড়ুন, সন্ত্রাস বর্জন করুন। সমঝোতা চাইলে সংবিধান মেনে সংলাপে বসুন। না হয় জঙ্গিবাদীদের ও আপনার পরিণতি একই হবে। এ লড়াই এসপার-ওসপারে লড়াই। আপনি আপনার পথ ঠিক করুন। আপনি বাংলাদেশের ট্রেন না ধরলে আপনাকে ট্রেনে আফগানিস্তান বা পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে। গায়ের জোরে সন্ত্রাস চালিয়ে ক্ষমতায় যাওয়া যায় না।’

ইনু বলেন, রাষ্ট্রের ও গণমানুষের বিরুদ্ধে হামলায় জামায়াতিদের সমর্থন করেছেন বেগম জিয়া। তিনি বলেন, মানুষের জন্য তিনটি কাজ দরকার, সংবিধান সমুন্নত রাখা, নির্বাচন করা ও জঙ্গিবাদ এবং সন্ত্রাস দমন করা। ইনু দাবি করেন, আওয়ামী লীগ সংবিধান সমুন্নত রাখতে চেয়েছে, খালেদা জিয়া সংবিধান ক্ষুণ্ন করতে চেয়েছেন।  এ ছাড়া আওয়ামী লীগ জঙ্গিবাদ দমনের উদ্যোগ নিয়েছে, খালেদা জিয়া জঙ্গিদের বাঁচাতে চেয়েছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সরকার যুদ্ধাপরাধের বিচার চাইলেও খালেদা জিয়া বিরোধিতা করছেন বলে তিনি খালেদা জিয়ার সমালোচনা করেন।

বিএনপিকে নিশ্চিহ্ন করা হবে, যদি...

জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে ৫ জানুয়ারির পর বিএনপিকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সমাবেশে তিনি আরও বলেন, ৫ জানুয়ারির পর শেখ হাসিনার নেতৃত্বে তৃতীয়বারের মতো জনগণের সরকার গঠন করা হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।