খালেদাকে কখন বিএসএমএমইউতে নেওয়া হবে ঠিক করবেন আইজি প্রিজন : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার শতভাগ আন্তরিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রোববার বেলা তিনটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ব্যাপারে তাঁর চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন উনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। আমরা আজ দুপুরেই তাঁকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি। তাঁকে কখন পরীক্ষার জন্য নেওয়া হবে, তা ঠিক করবেন আইজি প্রিজন।’

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকেরা তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন, কিন্তু তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কেন নেওয়া হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানেও বড় বড় চিকিৎসকেরা রয়েছেন, গবেষকেরা রয়েছেন। আবার তাঁর ব্যক্তিগত চিকিৎসকেরাও রয়েছে। সুতরাং এখানেই চিকিৎসা হবে। খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার শতভাগ আন্তরিক। খালেদা জিয়ার যদি এর বেশি কিছু প্রয়োজন হয়, আমরা তা দেখব।’

এর আগে আজ দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু বিএসএমএমইউতে নেওয়া হবে।

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে বিএসএমএমইউতে নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

গতকাল শনিবার বিকেলে কারাবন্দী খালেদা জিয়াকে দেখতে তাঁর ব্যক্তিগত চার চিকিৎসক পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে যান। সেখানে থেকে ফিরে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এফ এম সিদ্দিকী তাঁদের পর্যবেক্ষণ সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, গত মঙ্গলবার খালেদা জিয়া হঠাৎ করে পড়ে গিয়েছিলেন। তিনি ওই সময়টার কথা বলতে পারছেন না। তাঁর একটি ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে বলে তাঁরা ধারণা করছেন । বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে কারাগারের বাইরে বিশেষায়িত একটি হাসপাতালে ভর্তি করতে সুপারিশ করেছেন তাঁরা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর গত ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া পুরোনো ঢাকার কারাগারে বন্দী আছেন।