খালেদাকে কেক না কাটার আহ্বান বিএনপি নেতার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় খালেদা জিয়াকে কেক কেটে জন্মদিন পালন না করার আহ্বান জানিয়েছেন এক বিএনপি নেতা। আজ মঙ্গলবার সকালে স্থানীয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শোক দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম নিজামুল কবির (মিরাজ) এ আহ্বান জানান।
বিএনপি নেতা শোক দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে দলের চেয়ারপারসনের জন্মদিন পালন নিয়ে সমালোচনা করায় দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে আওয়ামী লীগের নেতারা এ বক্তব্যকে সমর্থন করে বিএনপি নেতাকে ধন্যবাদ জানিয়েছেন।
শোক দিবসের আলোচনা সভায় নিজামুল কবির বলেন, ‘১৫ আগস্ট মর্মাহত বেদনার দিন। আমি যে দলের সমর্থক, সে দলের প্রধান খালেদা জিয়ার আজ জন্মদিন। এই দিনটিতে জন্মদিন উদ্যাপন নিয়ে বিতর্ক রয়েছে। এই বিতর্ক অবসানের জন্য আমার এই বক্তব্যটি সাংবাদিকদের মাধ্যমে দলের নীতিনির্ধারকদের কাছে জানাতে চাই। খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিভিন্ন কথা উঠেছে। সার্টিফিকেট খোঁজা হচ্ছে। খালেদা জিয়া আজকের দিনটি কেক কেটে উদ্যাপন না করে ঘরোয়া পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে পালন করতে পারতেন। সারা দেশের নেতা-কর্মীদের নির্দেশ দিতেন, আমরা আর কেক কেটে জন্মদিন পালন করব না। তাহলে দেশের ৮০ ভাগ মানুষ তাঁকে (খালেদা জিয়া) সমর্থন দিত। কিন্তু তা করা হয় না। আবার সরকার পরিবর্তন হলে বঙ্গবন্ধুর অবদানকেও ভুলে যায়। এটা হওয়া উচিত নয়। বঙ্গবন্ধুর অবদানকে আমি মানুষ হিসেবে কোনো দিন অস্বীকার করতে পারব না।’
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম বলেন, ‘নিজামুল কবির নীতিবিবর্জিত লোক। তিনি এক-এগারোর সময় সংস্কারপন্থী ছিলেন। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর বিরোধিতা করে দল থেকে বহিষ্কার হন। পরবর্তী সময়ে ক্ষমা চেয়ে দলে ফিরে আসেন। এ ধরনের নীতিহীন লোকদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।’
মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল প্রথম আলোকে বলেন, ‘একজন বিএনপি নেতা এভাবে প্রকাশ্য সভায় দলের চেয়ারপারসনকে নিয়ে এ ধরনের বক্তব্য দিতে পারেন না। যদি তিনি দিয়ে থাকেন, তবে তা দুঃখজনক।’
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, এ ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি নেতা নিজামুল কবির উপলব্ধি থেকে যে বক্তব্য দিয়েছেন, তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।’