খালেদাকে ক্ষমা চাইতে বললেন জাপার মহাসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে সংঘটিত সব হত্যাকাণ্ডের জন্য খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি গতকাল রোববার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
এর আগের দিন শনিবার একটি পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে এরশাদ লিখেছিলেন যে জিয়াউর রহমান রক্তের ওপর দিয়ে ক্ষমতায় গেছেন। এ বক্তব্যকে ‘মিথ্যাচার’ বলে আখ্যায়িত করে এ জন্য এরশাদকে ক্ষমা চাইতে বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল জাপার মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বিবৃতিতে দাবি করেন, হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় এসেছেন একজন নির্বাচিত রাষ্ট্রপতির আমন্ত্রণে সামরিক আইন জারির মধ্য দিয়ে। আর জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের পথ বেয়ে ১৯৭৫ সালের ৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অসংখ্য সেনা কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের সিঁড়ি বেয়ে। জিয়ার ক্ষমতা গ্রহণের পর ১৭ বার সেনা বিদ্রোহের ঘটনা ঘটেছে। সেসব বিদ্রোহ দমনের নামে জিয়া কত সেনা কর্মকর্তা হত্যা করেছেন, তার কৈফিয়ত এখন তাঁর উত্তরসূরি স্ত্রীকেই দিতে হবে। সে জন্য বেগম জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।