খালেদাকে জমি-বাড়ির খোঁটা দিলেন এরশাদ

বিএনপি ও সংগঠনটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তীব্র সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ।
আজ সোমবার রংপুর টাউন হলে জেলা ও মহানগর জাতীয় পার্টির এক ইফতার আয়োজনে এরশাদ বলেন, জিয়া হত্যায় তাঁকে (এরশাদ) জড়িয়ে খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন। অথচ তাঁর কাছ থেকেই খালেদা জমি-টাকা-বাড়ি নিয়েছেন।
এরশাদ বিএনপির সমালোচনা করে বলেন, ‘বিএনপি ও জোট সরকার তিনবার সরকারে ছিল। কিন্তু তখন তারা জিয়া ও মঞ্জুর হত্যা নিয়ে কোনো কথা বলেনি। এখন তারা আমাকে জড়িয়ে কথা বলছে। তার মানে তারা এখন আমাকে ভয় পায়। বিএনপি আমাকে দালাল বলে। আমি দালালও নই, রাজাকারও নই। আমি যদি হত্যাকারী হতাম, তাহলে খালেদা জিয়া আমার কাছ থেকে জমি নিলেন কেন? টাকা নিলেন কেন? বাড়ি নিলেন কেন?’
এরশাদ বলেন, ‘বর্তমান আওয়ামী লীগের অবস্থা ভালো নয়। এর মধ্যে আমাদের সুযোগ নিতে হবে। আমি প্রতিটি জেলায় সফর করব। সামনের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ১৫১টি আসন নিতে হবে। আমাদের সরকার গঠন করতে হবে।’
বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে এইচ এম এরশাদ আরও বলেন, ‘আমার সরকারের আমলে দেশে এত খুন-গুম হয়নি। এতো আতঙ্ক ছিল না। মানুষজন শান্তিতে ছিল।’
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।