খালেদাকে জাতীয় ঐক্যের তাগিদ মার্কিন দূতাবাসের
বিডিআর বিদ্রোহের পরপর জাতীয় ঐক্যের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তাগিদ দেয় ঢাকার মার্কিন দূতাবাস। এ সময় খালেদা অভিযোগ করেন, সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না তাঁকে।বিদ্রোহীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ ক্ষমা ঘোষণা এবং ক্ষমতাসীন জোটেই একাধিক সাবেক শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীকে সরকারের প্রধান আলোচক করার সমালোচনা করেন খালেদা জিয়া।ফাঁস হওয়া মার্কিন দূতাবাসের তারবার্তায় এসব কথা বলা হয়।কূটনৈতিক ওই তারবার্তায় বলা হয়, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের পর ৪ মার্চ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষা ৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। তাঁদের ৯০ মিনিটের আলাপচারিতায় খালেদার উপদেষ্টা রিয়াজ রহমান, রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর উপস্থিত ছিলেন। ওই বৈঠকে বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে এ ব্যাপারে খালেদাকে তাগিদ দেন মার্কিন রাষ্ট্রদূত।তারবার্তায় বলা হয়, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া বলেন, তাঁর আশা ছিল, ওই সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রী তাঁর কাছে ফোন করবেন। কিন্তু প্রধানমন্ত্রী তা করেননি। খালেদা প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী তাঁর কাছে সহায়তা না চাইলে তিনি সহায়তা করবেন কীভাবে। তারবার্তায় বলা হয়, বিডিআরের মহাপরিচালক এবং অন্য কর্মকর্তারা কোথায় ও কীভাবে আছেন, তা জানার আগেই বিদ্রোহীদের প্রতি প্রধানমন্ত্রীর সাধারণ ক্ষমা ঘোষণার সমালোচনা করেন তিনি। এ ছাড়া ক্ষমতাসীন জোটে শীর্ষ পর্যায়ের কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা থাকা সত্ত্বেও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে সরকারের প্রধান আলোচক করার সিদ্ধান্তে প্রশ্ন তোলেন খালেদা। খালেদাসহ বৈঠকে উপস্থিত অন্যরা দাবি করেন, সেনাবাহিনীকে তা ৎ ক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হলে অনেককেই বাঁচানো যেত। এ সময় খালেদার অনুরোধে শমসের মবিন চৌধুরী ১৯৭৭ সালের অক্টোবরে বাংলাদেশ বিমানবাহিনীর বিদ্রোহ দমনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘দক্ষতার’ কথা তুলে ধরেন।তারবার্তায় বলা হয়, ক্ষমতাসীন জোটের কেউ এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত কি না, তাও খতিয়ে দেখার প্রস্তাব দেন খালেদা জিয়া। এতে আরও বলা হয়, সরকার ও বিরোধী দলের একসঙ্গে কাজ করার পথ খুঁজে বের করার সময় শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেন খালেদা জিয়া। তারবার্তার মন্তব্য অংশে বলা হয়, মার্কিন দূতাবাসের প্রত্যাশা ছিল বিডিআর বিদ্রোহের মতো সংকটের সময় রাজনৈতিক দলগুলো আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি চলে আসবে। এটি একটি সুযোগ। কিন্তু সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সুযোগ নষ্ট হয়ে যাওয়া স্পষ্ট হয়ে ওঠে।