খালেদাকে দেশছাড়া করার ষড়যন্ত্র করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, সেনানিবাস বা গুলশানের বাড়ি থেকে নয়, খালেদা জিয়াকে বাংলাদেশ থেকেই সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার।গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে খোন্দকার দেলোয়ার এ অভিযোগ করেন।‘দেশের চলমান সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করে খেলাফত মজলিস।বিএনপির মহাসচিব বলেন, ‘কেবিনেটে সিদ্ধান্ত নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির বরাদ্দ বাতিল করা হয়, পৃথিবীর কোথাও এমন দৃষ্টান্ত নেই। তাদের মূল লক্ষ্য হচ্ছে, প্রভুদের প্রকল্প বাস্তবায়নে যারাই বাধা হবে, তাদের নির্মূল করে দেওয়া।’ তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দিনই গণতান্ত্রিক আচরণ করেনি। মুক্তিযুদ্ধে তাদের কাউকে পাওয়া যায়নি। তাদের দলের প্রধানকে পাকিস্তানি সেনাবাহিনী ধরে নিয়ে গিয়েছিল। বাকি নেতারা দেশ ছেড়ে পালিয়েছিলেন। খোন্দকার দেলোয়ার আরও বলেন, প্রতিবেশী দেশ ভারত একটা সুপরিকল্পিত উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল, যা পরবর্তী কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে। ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত মুজিব-ইন্দিরা চুক্তিসহ ভারতের সঙ্গে করা কোনো চুক্তিই আমাদের অনুকূলে হয়নি। উল্টো ফেনসিডিল, গাঁজা, ইয়াবা পাঠিয়ে তারা এ দেশে ছেলেদের মস্তিষ্ক অকেজো করে দিচ্ছে।খেলাফত মজলিসের আমির মাওলানা মো. ইসহাকের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলটির মহাসচিব আহমদ আবদুল কাদের। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, মাসিক মদীনার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রমুখ।