বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দিয়ে তাঁকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছে তাঁর দল বিএনপি।জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় আদালত খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গ্রহণের পরদিন গতকাল বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম। ১৮ দলীয় জোটের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।তরিকুল বলেন, ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্টে বাইরের লোক সাহায্য-সহযোগিতা করেছেন। সেই টাকা যথাযথভাবে খরচ হয়েছে। এখানে সরকারি কোনো টাকা নেই। তার পরও এই মামলা আমলে নেওয়া হয়েছে।’সরকারকে সাবধান করে দিয়ে তরিকুল বলেন, ‘বিএনপি ও ১৮ দলীয় জোট খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার খায়েশ কখনো পূরণ হতে দেবে না। আইনি লড়াইয়ের পাশাপাশি প্রয়োজন হলে যেকোনো আন্দোলনের কর্মসূচি দিয়ে এই ষড়যন্ত্র বানচাল করবে।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গতকাল পল্টন থানার আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো সরকারের ‘নিম্ন মানসিকতার পরিচয়’ বলে মন্তব্য করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারসহ অন্যান্য দাবিতে আয়োজিত ১৮ দলের কর্মসূচিতে জামায়াত-শিবিরের কর্মীদের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তির দাবিসংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল ও প্রচারপত্র বিতরণ করা জোটের ‘সমন্বয়হীনতা’ কি না—এ প্রশ্নের জবাবে তরিকুল বলেন, ‘তারা (জামায়াত-শিবির) যেটা করেছে, সেটা তাদের দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি। ১৮ দলের কর্মসূচিতে লিফলেট বিতরণের কর্মসূচি ছিল না।’ সংবাদ সম্মেলনে বাম দলগুলোর হরতালে পুলিশের তরল কাঁদানে গ্যাস প্রয়োগ ও লাঠিপেটার তীব্র নিন্দা জানানো হয়।