খালেদাকে নির্বাসনে পাঠানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে বলেছেন, ‘আপনি (খালেদা) যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদের পক্ষ নেওয়ায় গণতন্ত্রের সদস্যপদ থেকে ইতিমধ্যে আপনার পদ “স্থগিত” করা হয়েছে। ভবিষ্যতে জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করলে পুনরায় আপনাকে “গণতন্ত্র ক্লাব”-এর সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে; অন্যথায় নির্বাচনের পর আপনাকে বাংলাদেশ থেকে চিরতরে “নির্বাসন”-এ পাঠানো হবে।’
তথ্যমন্ত্রী গতকাল বুধবার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে এসে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগের স্থানীয় প্রার্থী (ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন) ফয়জুর রহমান ওরফে বাদলের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৫ জানুয়ারির নির্বাচন হবেই হবে। কারণ এ লড়াই
‘এসপার কিংবা ওসপারের’ লড়াই। এ খেলায় হয় জিততে হবে, নয় মরতে হবে। এ খেলা ‘ড্র’ হতে দেওয়া যাবে না।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুর রউফের সভাতিত্বে ওই জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, মহাজোটের স্থানীয় সাংসদ শাহ জিকরুল আহমেদ, আওয়ামী লীগের প্রার্থী ফয়জুর রহমান প্রমুখ।