খালেদাকে নিয়ে আ.লীগের বক্তব্যের নিন্দা বিএনপির
বাংলাদেশের উন্নয়নে চীনের অংশীদারি নস্যাৎ করার উদ্দেশে খালেদা জিয়া চীনে গেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের দেওয়া এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে এই নিন্দার কথা জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি দাবি করেন, চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, তা বিএনপিই প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নস্যাৎ নয়, বরং আরও সুদৃঢ় করার লক্ষ্যে খালেদা জিয়া চীন সফরে গেছেন। এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ বলেছিলেন, আওয়ামী লীগের আমলে দেশের বৌদ্ধ সম্প্রদায় নিরাপদ নয়—চীন সরকারের কাছে এমন নালিশ করতেই খালেদা জিয়া সে দেশে গেছেন।চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খালেদার বৈঠক: ইউএনবি জানায়, চীনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচির সঙ্গে বৈঠক করেছেন। গতকাল মঙ্গলবার সকালে বেইজিংয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।বৈঠকে ইয়াং জিয়েচি খালেদা জিয়াকে আশ্বস্ত করে বলেন, চীন বাংলাদেশকে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে সহায়তা দেওয়া অব্যাহত রাখবে। বিশেষ করে, চট্টগ্রামে গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের আগ্রহ রয়েছে বলেও তিনি খালেদা জিয়াকে অবহিত করেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সাত দিনের সফরে গত সোমবার বেইজিং পৌঁছান খালেদা জিয়া।