খালেদাকে নোটিশের জবাব আইনি প্রক্রিয়ায়: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: প্রথম আলো
আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনি নোটিশের জবাব আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স আয়োজিত ‘চাইল্ড পার্লামেন্ট অধিবেশন-২০১৭’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আইনি নোটিশ হচ্ছে একটি আইনি প্রক্রিয়া, তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর জবাব দেওয়া হবে।

‘শিশুর প্রতি সহিংসতা বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘চাইল্ড পার্লামেন্টের’ ১৫ তম অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, শিশুদের সমতা ও বৈষম্যহীন পরিবেশে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর নির্ভর করছে সমৃদ্ধ ভবিষ্যৎ। তাই শিশু অধিকার আইন বাস্তবায়নে ও শিশু অধিকার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন সরকার তা করবে।

অধিবেশনে দেশের ৬৪টি জেলা হতে আসা ‘চাইল্ড পার্লামেন্টের’ সদস্য, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও বাংলাদেশ শিশু একাডেমিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।